সিএমএসএমই খাতের উন্নয়নে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষ মনোযোগ দিয়েছে। একটি দেশের জিডিপির ২৫ শতাংশ যখন একটা খাত থেকে আসে এবং দেশের বিশাল একটা জনগোষ্ঠী সরাসরি এ খাতের সঙ্গে জড়িত, তখন এ খাতের অবদান সহজেই অনুমেয়। তাই এর গুরুত্ব সামনে রেখে আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএমএসএমইর উন্নয়নে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। শুধু লংকাবাংলা নয়, বিভিন্ন প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে, যার মাধ্যমে সিএমএসএমই খাতের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ২০১৪ সাল থেকে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করে আসছে। বর্তমানে সিএমএসএমই খাতে আমাদের ২ হাজার ৩৫৪ কোটি টাকার ঋণস্থিতি রয়েছে। আমরা অদ্যবধি প্রায় ৩০ হাজার উদ্যোক্তার মধ্যে ঋণ বিতরণ করেছি। নারী উদ্যোক্তারা আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের অর্থায়ন সেবার কথা বিবেচনা করে আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি প্লাটফর্ম সাজিয়েছি, যা “শিখা-অনন্যা” নামে পরিচিত। এ প্লাটফর্মের অধীনে নারী উদ্যোক্তাসহ সব নারীকে বিশেষ ছাড়মূল্যে ঋণ, ক্রেডিট কার্ড ও অন্যান্য সেবা দিচ্ছি। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড নারী উদ্যোক্তাদের মধ্যে বার্ষিক মাত্র ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করে আসছে। সিএমএসএমই ঋণ বিতরণ থেকে শুরু করে আদায় করা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা ডিজিটাল চ্যানেলে আনয়নের প্রচেষ্টা চালাচ্ছি।