আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় আয়বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭ শতাংশের বেশি। অন্যদিকে জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমেই কমে আসছে। বর্তমানে জিডিপিতে কৃষি খাতের অবদান ২০ শতাংশের নিচে নেমে গেলেও দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪২ শতাংশ কৃষি ক্ষেত্রের ওপর নির্ভরশীল। উৎপাদনের তুলনায় এ খাতে অনেক বেশি শ্রমশক্তি নিয়োজিত। অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান বাড়াতে হলে এসএমই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ খাতের যথাযথ বিকাশ এবং পরিচর্যার মাধ্যমে আমাদের বিশাল শ্রমশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে জিডিপিতে শিল্প খাতের অবদান বাড়বে। 

সোশ্যাল ইসলামী ব্যাংক এসএমই খাতের বিকাশ এবং এ খাতে উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন বিনিয়োগ স্কিম গ্রহণ করেছে। কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম (সিএমএসএম) খাতে আমাদের ব্যাংক এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা বিনিয়োগ বিতরণ করেছেন যা লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ নারী উদ্যোক্তার মাঝেও বিনিয়োগ দেয়া হয়েছে। নারী উদ্যোক্তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এছাড়া এসএমই খাতের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় আমাদের ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের গ্রাহকের পাশে দাঁড়িয়েছে। এমনকি আমরা নিজস্ব ব্যবস্থাপনায় হকার্স ও ড্রাইভারদের জন্য বিশেষ স্কিম চালু করেছি, যা একদিকে সঞ্চয়ী ও অন্যদিকে বিনিয়োগ প্রডাক্ট। এতে সঞ্চয়ের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে।