ক্ষুদ্র ও মাঝারি খাত নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান দিন দিন জোরালো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প জলবায়ু পরিবর্তনে, শ্রমঘন শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী, নারীরাও এখন ঘরে বসে নেই। তাদের অনেকেরই উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রমাণ করে টেকসই ও ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে নারীরাও অবদান রাখছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং সহযোগিতায় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিবিড়ভাবে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করছে। 

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি) ২০০১ সালে কার্যক্রম শুরু করে। সরকারি বেসরকারি ১০টি বাণিজ্যিক ব্যাংক, তিনটি বীমা কোম্পানি ও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উদ্যোগে আইআইডিএফসি গঠিত হয়। কোম্পানিটি করপোরেট, এসএমই, স্ট্রাকচারড ও রিটেইল খাতে অর্থায়ন করে। এসএমই খাতে লিজ ও মেয়াদি অর্থায়নসহ চলতি মূলধন অর্থায়ন, ফ্যাক্টরিং ও ওয়ার্ক অর্ডার অর্থায়ন, নারী উদ্যোক্তাদের অর্থায়ন এবং কৃষিভিত্তিক প্রকল্পেও অর্থায়ন করা হয়। স্ট্রাকচারড ফাইন্যান্সের ক্ষেত্রে মুদ্রাবাজার ও পুঁজিবাজারের পাশাপাশি সিন্ডিকেশন, ক্লাব ফাইন্যান্স, আইপিপিএফ তহবিল সংস্থানের কাজ করে আইআইডিএফসি। রিটেইল খাতে যানবাহন ও গৃহঋণ দেয় প্রতিষ্ঠানটি।