আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সব ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাকে জানাই শুভেচ্ছা। এসএমই ও মাইক্রো এসএমই হলো অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। যেকোনো দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশেও এসএমই খাতের অনেক উদ্যোক্তা সফলভাবে কাজ করে যাচ্ছেন।

দেশের অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য আমরা এসএমইদের নিয়ে নানা ধরনের কাজ করার পরিকল্পনা করছি। দেশের অর্থনীতির এ গুরুত্বপূর্ণ অংশের জন্য এখন চাই ডিজিটাল ব্যাংক। আমি কথা দিতে পারি, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেলেই আমরা এসএমইদের সিঙ্গেল ডিজিটে কোনো রকম জামানত ছাড়াই লোন দিতে পারব, যা আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক একটি ভূমিকা রাখবে। একই সঙ্গে আমাদের অর্থনীতি অনেকখানি এগিয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১৩ সালে সিএমএসএমই খাতে ঋণ দেয়ার পরিমাণ ছিল ৮৫ হাজার ৩২৩ কোটি টাকা, যা ২০২২ সালের শেষে ১৫৮ শতাংশ বেড়ে ২ লাখ ২০ হাজার ৪৮৯ কোটি টাকা হয়েছে। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়েও সিএমএসএমইরা ঋণ নিয়ে তা দিয়ে ব্যবসা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আমি আশা করব, আমাদের এসএমইরা আরো উদ্যোমী ও উদ্যোগী হয়ে উঠবেন। তারা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের পথে নিয়ে যাওয়ায় ভূমিকা রাখবেন বলে আশা করি।