পৃথিবীতে মানুষের মৃত্যুর সংখ্যা যে কারণে সবচেয়ে বেশি সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, এর পরই সড়ক দুর্ঘটনা ও ক্যান্সারে মৃত্যুর সংখ্যা। হার্ট অ্যাটাকে মৃত্যুর মূল কারণ হার্ট ফেইলিউর। হার্ট ফেইলিউরের আবার অনেক কারণ। সিএবিজি বা স্টান্টিংয়ের মাধ্যমে এদের অনেককে আমরা সুস্থ করে তুলি। অনেক ক্ষেত্রে অনেকের জন্য ট্রান্সপ্লান্ট ছাড়া বিকল্প আর কিছু থাকে না। হার্ট ট্রান্সপ্লান্টই তাদের একমাত্র চিকিৎসা, যা আমাদের দেশে এখনো করা হয়ে উঠছে না।
তবে হার্ট ট্রান্সপ্লান্টের চেয়েও বেশ জটিল কাজ মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট আমরা করতে পেরেছি। আমরা প্রায় এক বছর আগেই ইউনাইটেড হসপিটালে মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট সফলভাবে সম্পন্ন করেছি, রোগী সুস্থ আছেন। হার্ট একটা পাম্প, যখন সে পাম্প করতে পারে না, তাকে অ্যাসিস্ট করার জন্য লেফট ভেন্টিকুলার অ্যাসিস্ট ডিভাইস নামক একটি ডিভাইস ইমপ্লান্ট করলেই হার্ট আবার পাম্প করতে পারে। বাংলাদেশে প্রথমবারের মতো এটা সফলভাবে সম্পন্ন করেছি। রোগী কাঁধে ব্যাটারির ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হার্ট ট্রান্সপ্লান্ট করার মতো পরিস্থিতি না থাকায় হার্ট ফেইলিউরের রোগীকে বাঁচানোর একমাত্র উপায় ছিল মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট। কিন্তু কোনো সুস্থ হার্ট খুঁজে পেলে আমরা সে রকম হার্ট ফেইলিউরের রোগীদের আরো সাবলীল জীবন দিতে পারতাম।
প্রসঙ্গক্রমে আমরা কিডনি ট্রান্সপ্লান্টের উদাহরণ দিতে পারি। উল্লেখ্য, মানুষের দুটো কিডনি থাকায় একটি ডোনেট করে আরেকটি দিয়ে যে কেউ সারা জীবন ভালো থাকতে পারে। রোগীরও একটি কিডনি ভালো থাকতে পারে। কিন্তু হার্ট তো একটা, কে আপনাকে দেবে? একটা মাত্র উপায় ব্রেইন ডেড রোগীর কাছ থেকে সুস্থ হার্ট নেয়া। যা ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট হিসেবে পরিচিত। আমাদের দেশেও ১৩ এপ্রিল ১৯৯৯ সালে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন গঠন হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট অ্যাক্ট সম্মতিক্রমে গৃহীত হয়। এরই মধ্যে আমরা এর সফলতাও পেয়েছি। সারাহ মরণোত্তর কিডনি ও চোখ দান করেছেন এবং দুজন রোগী এর সুফল ভোগ করছেন। কিন্তু আজও হার্ট ট্রান্সপ্লান্টের জন্য ব্রেইন ডেড রোগীর হার্ট পাচ্ছি না।
আমি মনে করি ব্রেইন ডেড রোগীর হার্ট ডোনেশনের প্রচেষ্টা চালানোটা দেশব্যাপী ডাক্তার সমাজের এবং সব হাসপাতাল কর্তৃপক্ষের গুরুদায়িত্ব। যেহেতু বললাম হার্টের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর হার, তাই হার্ট ট্রান্সপ্লান্ট করার জন্য ব্রেইন ডেড রোগী ও তাদের পরিবারকে ভালো করে বোঝানো আমাদের নৈতিক দায়িত্ব।
অন্যান্য ট্রান্সপ্লান্টের তুলনায় হার্ট ট্রান্সপ্লান্ট করলে মানুষ অনেক ভালো থাকে। হার্ট একটা পাম্প, হার্ট যদি পাম্প না করে, তাহলে হার্টের ব্যাকফ্লোতে শ্বাসকষ্ট হয়। এটা করার জন্য বাংলাদেশের ডাক্তারদের এ সম্পর্কিত স্টাডি করা অনেক বেশি দরকার। এছাড়া সামগ্রিকভাবে দেশের আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট উন্নত হওয়া আরো বেশি দরকার যা আমাদের কার্ডিয়াক অ্যাটাক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ডা. জাহাঙ্গির কবির, চিফ কার্ডিয়াক সার্জন ও পরিচালক, কার্ডিয়াক সেন্টার





