দেশে হৃদরোগ প্রাদুর্ভাবের জন্য মূলত যে কারণগুলো দায়ী তার মধ্যে আছে— ১. উচ্চ রক্তচাপ, ২. ডায়াবেটিস, ৩. কোলেস্টেরলের আধিক্য, ৪. ধূমপান, ৫. দুশ্চিন্তাগ্রস্ত ও অনিয়ন্ত্রিত জীবনযাপন, ৬, সর্বোপরি জিনগত ধারা। এসব বিষয়ের সঙ্গে খাদ্যে ভেজাল ও বিষক্রিয়াও অনেকাংশে দায়ী বলে প্রতীয়মান হয়।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করা ও চলা উচিত। এছাড়া জীবনযাপনের ধারণা পরিবর্তন করে নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত। পরিমিত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। দৈনিক নিয়ম করে ৩০-৬০ মি. হাঁটতে হবে। হাঁটার কোনো বিকল্প নেই। হৃৎরোগের জন্য অনিয়ন্ত্রিত জীবনাচার ও অসম খাদ্যাভ্যাস অনেকাংশে দায়ী। জাঙ্কফুড বা চর্বিযুক্ত খাবার হৃদপিণ্ডের রক্তনালিতে Atherosclerosis করতে সহায়তা করে।

সঠিক সময়ে চিকিৎসার কোনো বিকল্প নেই। A Stitch in time Saves Nine - Not Nine Saves Life here (এখানে জীবন বাঁচায়)। বিষয়টি সর্বজনীন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বহুলাংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর প্রধান কারণ হৃদরোগীর চিকিৎসার প্রয়োজন সর্বক্ষেত্রেই।

হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা শুধু আর্থিক নয়। কিছুটা মানসিকতার পরিবর্তনও প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, তাই আশা করি সময়মতো চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা কমবে।

দেশে হৃদরোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সৃষ্টি এবং বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে। কার্ডিয়াক বিশেষজ্ঞ চিকিৎসকের এখনো সংকট রয়েছে। যথেষ্ট সুযোগ সৃষ্টি করে কর্মপরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনীয় দক্ষ নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদের যথেষ্ট সুযোগ-সুবিধা দিয়ে পদায়ন করার দরকার।

এটা বলতেই হবে যে দেশে হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় উন্নতি পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে প্রথম এমএস পাস করে কার্ডিয়াক সার্জন হওয়ার পর জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠানে আমার পদায়ন হয়। এরপর থেকে অদ্যাবধি আমি ও আমার সহকারী চিকিৎসকরা সর্বদা কার্ডিয়াক সার্জারিকে সহজলভ্য ও সর্বজনীন করার চেষ্টায় রত আছি। আমরা স্বল্প খরচে বিভিন্ন ক্লোজড হার্ট অপারেশন শুরু করি। জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে আমরা স্বল্পমূল্যে ওপেন হার্ট সার্জারি শুরু করি—এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে প্রতি বছর ১২-১৪ হাজার ওপেন হার্ট সার্জারি করা সম্ভব হচ্ছে। দেশে এখন প্রায় সব ধরনের হৃদরোগের অপারেশন করা সম্ভব হচ্ছে। তাই হৃদরোগীরা এখন আর আগের মতো বিদেশগামী হচ্ছে না। দেশেই সর্বোত্তম হার্ট সার্জারি সম্ভব হচ্ছে, তাও আবার তুলনামূলক স্বল্পমূল্যে।

অধ্যাপক ডা. নাসির উদ্দিন আহমেদ, চিফ কার্ডিয়াক সার্জন