বাইপাস সার্জারি, হার্টের ভালভুলার সার্জারি, শিশুদের জন্মগত হৃদরোগের সার্জারিসহ হার্টের জটিল সব সার্জারি আমরা সফলতার সঙ্গে সম্পন্ন করতে পারছি। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে এসব সার্জারি এখন হচ্ছে। তাছাড়া সরকারিভাবে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অবদানও অনস্বীকার্য। পাশাপাশি এভারকেয়ারসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালও ঢাকা ও ঢাকার বাইরে সব ধরনের চিকিৎসাসেবা দিচ্ছে। যেকোনো পরিস্থিতিতে যেকোনো ধরনের রোগীকে চিকিৎসাসেবা দেয়ার সক্ষমতা আমাদের আছে। চিকিৎসা খাতে উন্নত দেশগুলোর সমমানের চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা আমরা করছি। তাই বর্তমানে রোগীদের ভারত, সিঙ্গাপুর বা ব্যাংককে যাওয়ার হার অনেক কমে গেছে। তবে অনেক ক্ষেত্রে আমাদের আরো এগিয়ে যেতে হবে। অনেক অ্যাডভান্স সার্জারি আছে। সেগুলো আমরা আরো সফলতার সঙ্গে করতে চাই। কিছু কার্ডিয়াক সার্জারি যেমন হার্ট-লাং ট্রান্সপ্লান্টেশন, এল ভেড, আর ভেড ইত্যাদি সার্জারি আমরা শুরু করার চেষ্টায় আছি। শিগগিরই আমরা এসব সার্জারি শুরু করতে পারব বলে আমার বিশ্বাস।
ভাসকুলার সার্জারি সম্পর্কে একটি কথা না বললেই নয়। আমাদের দেশে প্রতি বছর অসংখ্য মানুষ দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হয়ে যায়। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালগুলোয় সুযোগ-সুবিধার অপ্রতুলতা আছে। আমাদের পায়ে বড় একটি রক্তনালি আছে। একে বলা হয় ফিমোরাল আর্টারি। আরেকটি আছে টিবিয়াল আর্টারি। দুর্ঘটনায় এসব রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা না গেলে আহত ব্যক্তি পঙ্গু হয়ে যান। তাই সরকারের কাছে আমার অনুরোধ, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালগুলোয় ট্রমা, পোস্ট-ট্রমা সংক্রান্ত সুযোগ-সুবিধা আরো বাড়াতে হবে। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোয় অন্তত একজন করে ভাসকুলার সার্জারির বিশেষজ্ঞকে পদায়ন করা হলে প্রতি বছর হাজার হাজার রোগী পঙ্গুত্ব থেকে বেঁচে যাবে।
এভারকেয়ার হাসপাতালে সব ধরনের ভাসকুলার সার্জারি করা হয়, হোক তা ইমার্জেন্সি কিংবা রুটিন সার্জারি। বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এখানে এন্ডোভাসকুলার সার্জারি করা হয়। সবশেষে বলতে চাই, কার্ডিওভাসকুলার সার্জারি ও ভাসকুলার সার্জারির ক্ষেত্রে আমাদের দেশে অভূতপূর্ব উন্নতি হয়েছে।
ডা. সোহেল আহমেদ
সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর কার্ডিওথোরাসিজ অ্যান্ড ভাসকুলার সার্জারি





