অ্যারিথমিয়া তথা অনিয়মিত হৃৎস্পন্দন কার্ডিওলজির অন্তর্ভুক্ত একটি বিষয়। আমাদের হৃৎস্পন্দনের একটি স্বাভাবিক ক্রাইটেরিয়া আছে। মিনিটে ৬০-১০০ বার। পালসের রিদমটা নিয়মিত হবে। যদি এ রিদম কোনো কারণে অনিয়মিত হয়, তবে তাকে অ্যারিথমিয়া বলে। এটি হার্টবিট বেড়ে গেলেও হতে পারে, কমে গেলেও হতে পারে। হার্টবিট বেড়ে যাওয়াটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। কমে যাওয়াটাকে বলি ব্র্যাডিকার্ডিয়া। হার্টবিট কমে গেলে মানুষের মাথা ঘোরে। অজ্ঞান হয়ে যায়। তখন এর চিকিৎসার জন্য পেসমেকার লাগানোর প্রয়োজন হতে পারে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক সরকারি-বেসরকারি হাসপাতালে পেসমেকার লাগানো হয়। পেসমেকার লাগিয়ে স্লো হার্টবিটকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা হয়। 

হার্টবিট বেড়ে যাওয়া বা ট্যাকিকার্ডিয়া কয়েক ধরনের হয়। একটি হলো প্যারোগজিজমাল। এক্ষেত্রে হার্টবিট হঠাৎ করে বেড়ে যায়। আবার কিছু সময় পর হঠাৎ করেই স্বাভাবিক হয়ে যায়। এক্ষেত্রে কয়েক ঘণ্টা বা কয়েক দিন হার্টবিট বাড়তি থাকতে পারে। প্যারোগজিজমালের সাধারণ দুটি ধরন হলো এসভিটি ও ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আরেকটি ধরন হলো পারসিসটেন্ট। অর্থাৎ, সবসময়ই হার্টবিট বেশি থাকে। একবার বেড়ে গেলে আর স্বাভাবিক হয় না। মাসের পর মাস, বছরের পর বছর হার্টবিট বাড়তি থাকে। পারসিসটেন্টের মধ্যেও অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াসহ বেশ কয়েকটি প্রকার আছে। ২০০০ সালের আগ পর্যন্ত আমাদের দেশে ট্যাকিকার্ডিয়ার চিকিৎসা ছিল না। তবে আমাদের দেশের অনেক মানুষ ট্যাকিকার্ডিয়ায় আক্রান্ত হয়। ডক্টর রফিক আহমেদের সহায়তায় আমাদের দেশে ট্যাকিকার্ডিয়ার চিকিৎসা শুরু হয়েছিল। বর্তমানে ট্যাকিকার্ডিয়ার চিকিৎসায় আমরা আন্তর্জাতিক মান অর্জন করেছি। এ রোগের চিকিৎসা হওয়া খুবই জরুরি। কারণ এর সঙ্গে আকস্মিক মৃত্যুর একটি সম্পর্ক আছে।

আমাদের দেশে অ্যারিথমিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালগুলোয় খুবই কম খরচে করা যায়। সাধারণ মানুষের নাগালে আছে এ খরচ। যে চিকিৎসা করতে সিঙ্গাপুরে ৩০ লাখ টাকা, ব্যাংককে মিনিমাম ১২ লাখ টাকা, ভারতে সাড়ে ৩-৪ লাখ টাকা খরচ হয়, একই চিকিৎসা আমাদের দেশের প্রাইভেট সেক্টরে মাত্র ১ লাখ টাকায় করা যায়। সরকারি হাসপাতালগুলোয় আরো কম। খরচ কম হওয়ার অন্যতম কারণ হল এ চিকিৎসা করতে বাইরের ডাক্তাররা যে ফি নেন, আমরা তা নিই না।

অধ্যাপক ডা. মো. আতাহার আলী

সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজি অ্যান্ড হার্ট ফেইলিউর