সিমেন্ট তৈরির মূল কাঁচামাল ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন, স্ল্যাগ ও ফ্লাই অ্যাশ। পরিবেশের ওপর কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব কমাতে ক্লিংকারের অনুপাত ঠিক রেখে আমান সিমেন্ট লাইমস্টোন ও ফ্লাই অ্যাশের ব্যবহার কমিয়ে তার পরিবর্তে স্ল্যাগের সর্বোচ্চ ব্যবহার করে। এর মাধ্যমে তারা পরিবেশ সংরক্ষণেও অবদান রাখছে।
প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) ড. সঞ্জয় কুমার থানকি জানান, আমান সিমেন্ট পাঁচ ধরনের পণ্য তৈরি করে। টাইপ ওয়ান ক্যাটাগরির ৫২ দশমিক ৫ এন স্ট্রেন্থ ক্লাসের ওপিসি (অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট), টাইপ টু ক্যাটাগরির পিসিসি (পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট) বিএম ৪২ দশমিক ৫ স্ট্রেন্থ ক্লাসের সিমেন্ট, পিসিসি এএম ৪২ দশমিক ৫ স্ট্রেন্থ ক্লাসের সিমেন্ট, পিসিসি বিএস সিমেন্ট ও সি থ্রি এ ক্যাটাগরির গ্রিন সিমেন্ট। এর মধ্যে গ্রিন সিমেন্ট ৩২ দশমিক ৫ স্ট্রেন্থ ক্লাসের। লবণাক্ত ও সালফারের উপস্থিতি রয়েছে এমন এলাকা যেমন সমুদ্রতীরবর্তী অঞ্চলে অবকাঠামো নির্মাণে এ সিমেন্ট সবচেয়ে উপযোগী এবং এর স্থায়িত্বও অনেক বেশি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে আমানের তৈরি বিশেষ ধরনের সিমেন্ট ব্যবহার হয়েছে। সেখানকার মাটি শক্ত করার জন্য বিশেষ ধরনের সিমেন্টের প্রয়োজন ছিল। বাংলাদেশের কোনো কোম্পানির কাছ থেকে রাশিয়ার প্রকৌশলীরা বিশেষ ধরনের এ সিমেন্ট খুঁজে পাচ্ছিলেন না। সে সময় আমান সিমেন্ট সবেমাত্র কার্যক্রম শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা হঠাৎ করেই আমান সিমেন্টের কারখানায় এসে উপস্থিত হন। তারা মূলত কারখানার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শনে এসেছিলেন। এরপর একদিন মস্কো থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে পরীক্ষামূলকভাবে আমান সিমেন্ট ব্যবহারের বিষয়টি জানানো হয়। পরীক্ষামূলক ব্যবহার শেষে এটি ব্যবহারের বিষয়টি চূড়ান্ত করেন কর্মকর্তারা। এ প্রকল্পের মাটি শক্ত করার কাজে তিন লাখ টনের বেশি সিমেন্ট সরবরাহ করেছিল আমান সিমেন্ট। একইভাবে রূপপুর প্রকল্পে পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণে স্থানীয় কোম্পানিগুলোর কাছ থেকে উপযুক্ত ক্যাটাগরির সিমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন রুশ কর্মকর্তারা আমান সিমেন্টের কাছ থেকে সিমেন্ট নিয়ে সেটি পরীক্ষার পর সন্তুষ্ট হলেন। এজন্য বেশ কয়েকবার তারা আমান সিমেন্টের কারখানা পরিদর্শন করে পণ্যের গুণগতমানের বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় রিঅ্যাক্টর নির্মাণে আমান সিমেন্ট ২ লাখ ৭৫ হাজার টন সিমেন্ট সরবরাহ করেছে। দেশের একমাত্র কোম্পানি হিসেবে আমান সিমেন্ট রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে ব্যবহার হয়েছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ক্ষেত্রেও স্থানীয় অন্যান্য কোম্পানির পাশাপাশি আমান সিমেন্ট ব্যবহার হয়েছে।





