নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা এ ধরনের অর্জনকে স্বাগত জানাই, কারণ এটি পুরো বীমা খাতের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ক্রেডিট রেটিং কোনো কোম্পানির চূড়ান্ত মানদণ্ড নয়; এটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থান ও সক্ষমতার মূল্যায়ন।

পলিসিধারীদের জন্য উচ্চ ক্রেডিট রেটিং একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা। এটি প্রতিষ্ঠানের আর্থিক স্থিতিশীলতা সম্পর্কে আস্থা সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে দাবি পরিশোধের সক্ষমতার বিষয়ে ইতিবাচক ধারণা দেয়। তবে রেটিংয়ের পাশাপাশি গ্রাহকসেবা ও সময়মতো দাবি নিষ্পত্তিও সমান গুরুত্বপূর্ণ।

আমাদের লক্ষ্য শুধু কয়েকটি প্রতিষ্ঠান নয়, পুরো বীমা শিল্পকে আরো শক্তিশালী ও টেকসই করা। এজন্য আইডিআরএ ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক-বেজড সুপারভিশন), প্রযুক্তিনির্ভর তদারকি, সুশাসন, পর্যাপ্ত মূলধন, উন্নত করপোরেট গভর্ন্যান্স, অ্যাকচুয়ারিয়াল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

একই সঙ্গে আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান তাদের আর্থিক সক্ষমতা, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান উন্নত করুক। কারণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পলিসিধারীদের স্বার্থ সংরক্ষণ, সময়মতো দাবি পরিশোধ এবং বীমা খাতের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা। যদি এসব ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি হয়, তাহলে ভবিষ্যতে আরো অনেক প্রতিষ্ঠান সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জন করতে সক্ষম হবে।