সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সামুদ্রিক ও নির্মাণ খাতে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশীদের অবদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপুরের কোম্পানিগুলো বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। দেশটির বিভিন্ন কোম্পানি জ্বালানি, অবকাঠামো, বিমান পরিবহন ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্ত হয়েছে।
২০২২ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা আরো ঘনিষ্ঠ করার জন্য দুই দেশের মধ্যে একটি কাঠামো তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের কোম্পানিগুলো নবায়নযোগ্য জ্বালানি, কার্বন ক্রেডিটে সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, নগর ব্যবস্থাপনা ও বন্দর পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ দেখছে।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে সুযোগ অনুসন্ধানকারী বাংলাদেশী কোম্পানিগুলোর জন্যও সিঙ্গাপুরকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা যেতে পারে। আসিয়ান ৬৮ কোটি মানুষের একটি আঞ্চলিক জোট, যার সম্মিলিত অর্থনীতির আকার প্রায় ৪ লাখ কোটি ডলার। অন্যান্য অঞ্চলের কোম্পানিগুলোকে আসিয়ান অঞ্চলে ব্যবসা সম্প্রসারণে সিঙ্গাপুর একটি সেতু হিসেবে কাজ করে আসছে।










