কিন্তু জ্বালানি অনিশ্চয়তা, বন্দর জট, নীতিগত পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতা ব্যবসা পরিচালনাকে কঠিন করে তুলছে। ব্যবসা সহজ করার পরিবেশ বা ‘ইজ অব ডুয়িং বিজনেস’ নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। একটি ব্যবসা শুরু করতে বা পরিচালনা করতে অপ্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদন ও দীর্ঘ প্রক্রিয়া কমাতে হবে। একই সঙ্গে নীতিগত ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বিনিয়োগ নিয়ে বলতে গেলেই বলব জ্বালানিনিরাপত্তা ব্যবসা ও বিনিয়োগের অন্যতম প্রধান শর্ত। বিদ্যুৎ ও গ্যাসের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত না হলে বিদেশী বিনিয়োগও আসবে না। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে যেকোনোভাবেই। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো মানবসম্পদ। এটিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের ব্যবসা খাতে বর্তমানে অপারেশনাল চ্যালেঞ্জের চেয়ে নন-অপারেশনাল চ্যালেঞ্জই বেশি। বিক্রি বাড়ানো, উৎপাদন খরচ কমানো বা দক্ষতা বৃদ্ধি এসব ব্যবসার স্বাভাবিক চ্যালেঞ্জ।










