শিল্প-কারখানা, ব্যবসা ও সরকারের অর্থায়ন প্রায় পুরোপুরি ব্যাংক খাতের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ঝুঁকিপূর্ণ কাঠামো। তাই শিল্পায়নকে টেকসই করতে পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করা জরুরি। পুঁজিবাজার বড় হলে দেশী-বিদেশী কৌশলগত বিনিয়োগকারীরা স্থানীয় শিল্পে অংশীদার হিসেবে বিনিয়োগ করতে পারবেন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহের সুযোগ পাবে। আমি আবারো জোর দিয়ে বলি, বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা দেশের বিপুল জনসংখ্যা। এ জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি হবে। এজন্য সাধারণ ডিগ্রিনির্ভর শিক্ষার পরিবর্তে প্রযুক্তি, কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে জনশক্তি বিদেশে পাঠানো গেলে রেমিট্যান্স আরো অনেক বাড়তে পারে। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।