কৃষিপণ্য আমদানি কমিয়ে আনার পাশাপাশি রফতানি বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। দ্রুত ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রফতানি করা হবে। বাংলাদেশ থেকে অনেক কৃষিপণ্যই এখন বিশ্ববাজারে রফতানি হচ্ছে। যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য উৎপাদন এবং রফতানির বিষয়ে আমরা খুব গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছি।

আমরা কোন কৃষিপণ্য রফতানি করব তা নিয়ে ভাবছি। পণ্য নির্ধারণের আগে প্রশ্ন আসবে ওই পণ্যের উৎপাদন কী পরিমাণ হবে, মান কতটা নিয়ন্ত্রণ করতে পারব এবং ক্রেতা কোন দেশের, এসব বিষয়ের ওপর নির্ভর করবে আমরা কোন পণ্যে যাব আর কোনটিতে যাব না। কৃষিপণ্য রফতানি আমরা করব, কিন্তু কোন পণ্যটি করব এবং কাদের জন্য করব, এ বাছাই প্রক্রিয়া বা সিলেকশনগুলোয় একটু সময় লাগবে। আমাদের হয়তো একটি পণ্য আছে, কিন্তু দেখা গেল আন্তর্জাতিক সম্প্রদায় যে মানের পণ্যটি চাচ্ছে, সে মানে আমাদের পণ্যটি নেই। পণ্য নির্বাচন সঠিকভাবে করে ফেলতে পারলে মানোন্নয়নও যথাযথভাবে করা যাবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কৃষিতে আমাদের নিজস্ব সক্ষমতার বিশেষ গুরুত্ব রয়েছে।