যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেছিলেন, সরকার হবে ‘জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।’ তার এ বক্তব্য আজও স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক আদর্শের প্রতীক। এ বিশেষ দিনটি সেই মূল্যবোধের স্মারক, যা যুক্তরাষ্ট্রকে গড়ে তুলেছে এবং বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। আমরা যুক্তরাষ্ট্রের জনগণের অর্জন ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে। সময়ের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব ধারাবাহিকভাবে বেড়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বাজারের প্রায় ১০ দশমিক ৫৩ শতাংশ ছিল বাংলাদেশের দখলে। ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি, আগামী বছরগুলোতে এ বাজারে বাংলাদেশের অংশীদারত্ব আরো বাড়বে। দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের উপস্থিতি ও প্রতিযোগিতা সক্ষমতা আরো বাড়াতে সহায়ক হবে।
বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, বিশ্বস্ত অংশীদার হিসেবে আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। একই সঙ্গে নতুন ক্ষেত্রে এ অংশীদারত্ব আরো বিস্তৃত হবে।
এ বিশেষ দিন উপলক্ষে আবারো যুক্তরাষ্ট্র সরকার ও তাদের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
মোহাম্মদ হাতেম: সভাপতি
বিকেএমইএ এবং ইএবি










