দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্ব ধারাবাহিকভাবে নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। দেশের সবচেয়ে বড় ওষুধ রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় রফতানি বাজারও যুক্তরাষ্ট্র।

১৯৭৮ সালে বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক আপজন ইনকরপোরেটেড থেকে ওষুধ আমদানি করত। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি লাইসেন্সের আওতায় দেশেই ওষুধের উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্মত উৎপাদন অবকাঠামো, প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যয় এবং বহুমুখী পণ্যভাণ্ডারের মাধ্যমে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জেনেরিক ওষুধ প্রস্তুতকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে এখন বেক্সিমকো ফার্মার কার্যক্রম বিস্তৃত। পাশাপাশি দেশের রফতানিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি রেকর্ড নয়বার জাতীয় রফতানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেছে। গুণগত মানের প্রতি অটল অঙ্গীকার এবং সাড়ে ছয় হাজার কর্মীর নিষ্ঠাই প্রতিষ্ঠানটির এ সাফল্যের মূল ভিত্তি। বিশ্বের সবচেয়ে প্রশংসিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হয়ে ওঠার লক্ষ্য নিয়েই বেক্সিমকো কাজ করে যাচ্ছে।

২০১৫ সালের জুনে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়া প্রথম বাংলাদেশী ওষুধ কোম্পানিতে পরিণত হয়। এরপর ২০১৬ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানি শুরু করা প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠানও হয় তারা। বর্তমানে বাংলাদেশের সব ওষুধ কোম্পানির মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকো ফার্মার পণ্যের তালিকাই সবচেয়ে বড়, যা ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে।

উল্লেখযোগ্যভাবে, কভিড-১৯ মহামারীর সময় বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে করোনা চিকিৎসায় ব্যবহৃত যুগান্তকারী ওষুধের জেনেরিক সংস্করণ বাজারে আনে বেক্সিমকো ফার্মা। একই সময়ে তারা যুক্তরাষ্ট্রভিত্তিক হেইনস ব্র্যান্ডসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশটির ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে (ফেমা) ৬৫ লাখ মেডিকেল গাউন সরবরাহ করে।

রাব্বুর রেজা: প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস