ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ওসামা খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ২০২৬ সালের মে মাসে দায়িত্ব গ্রহণ করবেন। অধ্যাপক ওসামা খান আইইউবি থেকে ১৯৯৯ সালে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্য ও ইউরোপের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশী।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস–চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে কর্মরত। এর আগে তিনি ইউনিভার্সিটি অব সারেতে প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। অধ্যাপক ওসামা খান কেমব্রিজ, ল্যাঙ্কাস্টার ও সারেতে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও নির্বাহী পর্যায়ে নেতৃস্থানীয় বিভিন্ন পদে কাজ করছেন।










