বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তার সঙ্গে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রথমবার এভারকেয়ারে ভর্তি হওয়ার পর তাকে দেখতে যাই। সবচেয়ে কষ্ট লেগেছে তখন। উনি আমাকে বললেন, ‘আমাকে জেলখানায় অনেক কষ্ট দিয়েছে।’ একবার না, তিনবার বলেছেন এ কথাটা। উনি তো সাধারণত এমন কথা বলেন না। এ কথাটা আমার মনে দাগ কেটেছে।

বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচয় হয়েছে আমার চাকরি জীবনে। ১৯৯১ সালে আমি সিলেটের এসপি ছিলাম। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মারফত খবর পেলাম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকেছেন। তার আগে ওনার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। আইজিপির অনুমতি নিয়ে সংসদ ভবনে দেখা করলাম। উনি তখন বললেন, ‘আপনাকে ঢাকায় আনতে চাই। আপনাকে ডিবি প্রধান করে আনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় নানা ধরনের অপরাধ হচ্ছে। পাশাপাশি রাজধানীজুড়ে সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে।’

আমি ঢাকায় এলাম। ডিবিপ্রধান হলাম। উনি আমাকে পুরো স্বাধীনতা দিলেন পেশাদার অফিসার হিসেবে কাজ করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড অর্ডার নিয়ে উনি কনসার্নড ছিলেন।