এরশাদবিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার সঙ্গে আমার বহু স্মৃতি আছে। সেই সময় আমরা রাজপথে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছি। আন্দোলনের রূপরেখা প্রণয়ন, কর্মসূচির ধরন নির্ধারণ, কলাকৌশল ঠিক করা—এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মধ্যে নিয়মিত আলাপ হয়েছে। আন্দোলনের গতিপ্রকৃতি, রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও ঘনিষ্ঠভাবে মতবিনিময় হয়েছে।

পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলন ভেঙে গেলেও রাজনৈতিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও জাতীয় সংকটকে কেন্দ্র করে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অব্যাহত ছিল। মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক শালীনতা বজায় রেখে এসব আলোচনা হয়েছে।

এরশাদবিরোধী গণআন্দোলনে খালেদা জিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি বিভিন্ন সময়ে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করেছেন। বহু সময় আমরা একই লক্ষ্যে একসঙ্গে পথ হেঁটেছি, একই আন্দোলনের অংশ হয়েছি।

অবশ্য অর্থনৈতিক ও সামাজিক নীতির প্রশ্নে আমাদের মধ্যে মৌলিক মতবিরোধ ছিল। তবে আজকের দিনে সেই বিরোধ–দ্বন্দ্বের আলোচনা প্রাসঙ্গিক নয়। রাজনৈতিক মতভেদ সত্ত্বেও বৃহত্তর স্বার্থে একসঙ্গে পথচলার প্রয়োজনীয়তা তিনি সবসময় উপলব্ধি করতেন।