আন্দোলন ও অবসরের মুহূর্তে সত্যিকার অর্থে অনেক সময় আমি ছিলাম ম্যাডাম খালেদা জিয়ার একমাত্র সঙ্গী। সেই স্মৃতিগুলো আমাকে আন্দোলিত করছে। বিশেষ করে তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা ছিল অতুলনীয়। তার স্মরণশক্তি এতই প্রখর ছিল যে কোনো নেতা বা ব্যক্তিকে একবার দেখলে তিনি তার নাম কোনোদিন ভুলতেন না।

খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন, কিন্তু দেশের প্রয়োজনে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। রাজপথ থেকে গ্রামগঞ্জে হেঁটে তার কারিশমা দিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। এটা অতিকথন নয়, ইতিহাস। যে ইতিহাস শুধু বাংলাদেশ নয় বিশ্বের বুকেও ইতিহাস হয়ে থাকবে। খালেদা জিয়া শেষ জীবন পর্যন্ত দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন।

খালেদা জিয়া ধৈর্য, দৃঢ়তা এবং নিষ্ঠায় অটল ছিলেন। আপসহীনতার একটা মন ছিল তার। যার জন্য তিনি আপসহীন নেত্রী ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে আখ্যায়িত হয়েছেন। শেষ সময়ে চরম নির্যাতনের মুখেও তিনি কখনো ভেঙে পড়েননি। প্রতিকূল সময়েও তিনি সর্বদা ইতিবাচক চিন্তা করতেন। দেশের জনগণকে নিয়ে তিনি ভাবতেন। কীভাবে জনগণকে বাঁচানো যায়, কারণ তার বিশ্বাস ছিল—দেশের জনগণই আমার সন্তান।