গতকাল সকালে খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। এতে পুরো দেশ শোকগ্রস্ত হয়ে পড়েছে। যদিও এটা অবধারিত ছিল। তিনি অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং শেষের দিকে বারবার বলা হচ্ছিল যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। সুতরাং যেকোনো সময়ই তিনি প্রস্থান করবেন সেই আশঙ্কা ছিল। তার পরও গতকাল সকালে তার প্রয়াণের খবর আমাকে ধাক্কা দিয়েছে।

খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখার সুযোগ খুব কম হয়েছে। তিনি আমার প্রয়াত স্বামী ডা. জাফরুল্লাহ চৌধুরীর আমন্ত্রণে একবার গণস্বাস্থ্য কেন্দ্র সাভারে এসেছিলেন। সে সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। তখন আমি তাকে কাছ থেকে দেখেছিলাম। তার যে বিষয়গুলো আমাকে মুগ্ধ করেছিল তার মধ্যে ছিল তার নম্রতা-ভদ্রতা। তার কথায় কোথাও কোনো ধরনের আক্রমণাত্মক বা বিদ্বেষমূলক কোনো শব্দ ছিল না। যদিও সে সময় তিনি বিরোধীদলীয় নেতা ছিলেন এবং সে সময় তাকে নানাভাবে যন্ত্রণা দেয়া হচ্ছিল। তার পরও তার ভাষায় কোনো বিদ্বেষ পাইনি।