ব্যবসা পরিচালনার জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্যগুলোর একটি সিঙ্গাপুর। স্থিতিশীল শাসন ব্যবস্থা, প্রযুক্তিতে সময়োপযোগী বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতৃত্বের সুবাদে দেশটি আজ এ অবস্থানে পৌঁছেছে।
সিঙ্গাপুরভিত্তিক থাকরাল গ্রুপ প্রায় তিন দশক ধরে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়ন অভিযাত্রার অংশীদার। এ সময়ে আমরা ডিজিটালভাবে সক্ষম একটি রাষ্ট্র গড়ে তোলার পথে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছি। ডিজিটাল সেবার বিস্তার, সংযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনসেবার মানোন্নয়নে প্রযুক্তির কার্যকর ব্যবহারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ যখন একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে, তখন বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল রাষ্ট্র সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও সাফল্য থেকে শিক্ষা নেয়ার ব্যাপক সুযোগ রয়েছে। বিশ্বমানের ডিজিটাল অবকাঠামো, নিরাপদ ডিজিটাল ইকোসিস্টেম, স্মার্ট সুশাসন এবং উদ্ভাবননির্ভর জনসেবা গড়ে তোলার ক্ষেত্রে সিঙ্গাপুরের সাফল্য বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজে লাগানো যেতে পারে। পরীক্ষিত প্রযুক্তি, সর্বোত্তম চর্চা এবং যৌথ উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারের জন্য আরো সমন্বিত, নিরাপদ এবং আন্তঃসংযুক্ত একটি ডিজিটাল পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে।
এ কারণে বাংলাদেশ ও সিঙ্গাপুরের অংশীদারত্ব এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরো গুরুত্বপূর্ণ। বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে এ অংশীদারত্ব ডিজিটাল অবকাঠামো, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট প্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরো সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে, যা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপকে আরো গতিশীল করবে।
বাসব পি বাগচী: এক্সিকিউটিভ ডিরেক্টর,
থাকরাল ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশ













