পরিবেশ রক্ষায় দেশের পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনকে আরো বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশবান্ধব ও দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য নতুন নতুন পাটপণ্য উদ্ভাবনের পাশাপাশি আধুনিক গৃহ ও কর্মস্থলে পাটের নান্দনিক প্রয়োগ বাড়াতে হবে।
আজ সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকায় তিন দিনব্যাপী ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। প্রদর্শনীটি ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক পাটপণ্য প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা বলেন, ডেকোরেটিভ শিল্পেও পাটকে সৃজনশীলভাবে তুলে ধরা এখন সময়ের দাবি। পাটের বহুমুখী ব্যবহার বাড়লে কর্মসংস্থান, অর্থনীতি ও স্থানীয় শিল্পসহ সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরো বলেন, কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করা ও পাটপণ্যের বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। তিনি জানান, পাটচাষিদের প্রণোদনা দিতে হবে ও পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে পরিবেশ ও পাট মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুইজারল্যান্ডসহ উন্নত দেশের শপিং মলে এরই মধ্যে বাংলাদেশের পাটের ব্যাগ ব্যবহার হচ্ছে। অথচ দেশে এখনো পাটের ব্যাগের প্রচলন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি পলিথিন বর্জন করে পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধিতে ভোক্তাদেরও দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, সরকার জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সক্ষমতা বাড়াতে কাজ করছে। তিনি বলেন, পাটপণ্য পরিবেশবান্ধব ও নান্দনিক। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে উদ্যোক্তাদের পাটপণ্য প্রসারে আরো উদ্যমী হয়ে এগিয়ে আসতে হবে।

দুই উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখছেন। এটি ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, জেডিপিসি এর ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শমব্রো এবং বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ রাশেদুল করিমসহ আরো অনেকে বক্তব্য দেন।
উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।










