মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্থাপনা নির্মাণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ ও অংশগ্রহণকারীদের অস্তিত্ব সুরক্ষা পাবে। এভাবে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে আন্দোলনে অংশ নেয়া তরুণ-তরুণীরা সহায়তা ও সহযোগিতা পাবে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার বিজয়নগরে ফাউন্ডেশনকে সরকার কর্তৃক বরাদ্দ করা জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ জাতি কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করবে এবং ফ্যাসিস্ট শাসন থেকে দেশকে রক্ষায় তাদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল ফ্যাসিস্টমুক্ত দেশ গড়া। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যারা দেশের দায়িত্ব নেবেন তারা এ লক্ষ্য পূরণে জুলাই যোদ্ধাদের পাশে থাকবেন।
উপদেষ্টা আরো বলেন, বরাদ্দকৃত জমিতে ফাউন্ডেশনের স্থায়ী ভবন নির্মাণ করা হবে। এতে ফাউন্ডেশন স্থায়িত্ব পাবে। এতে যে উদ্দেশ্য নিয়ে এটি গড়ে তোলা হয়েছে সেগুলো বাস্তবায়ন আরো সহজ হবে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক তানভীর আহমেদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










