গাজীপুরে বাংলাদেশ কমিউনিকেশন প্রফেশনালস সোসাইটির শীতকালীন রিট্রিট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা, ব্র্যান্ড ও করপোরেট খাতের প্রায় ৪৫ জন কমিউনিকেশন পেশাজীবী অংশ নেন।
আয়োজনের শুরুতে ‘ডিসকভার ইয়োর স্টোরি অ্যাজ এ কমিউনিকেটর’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে গল্প বলার মাধ্যমে কীভাবে যোগাযোগের ক্ষেত্রে প্রভাব তৈরি করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
এরপর সৃজনশীল খেলা ও রোল প্লে কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে পেশাজীবীরা কমিউনিকেশন কার্যক্রমে নতুন ধারণা ও উদ্ভাবনের নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
দুপুরের পরের পর্বে ক্যারিয়ারের বিভিন্ন চ্যালেঞ্জ ও পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আরো অনুপ্রাণিত ও মনোযোগী থাকা যায়, তা নিয়ে আলোচনা হয়। পরে ‘কনটেন্ট স্পার্ক ল্যাব’ সেশনে আকর্ষণীয় কনটেন্ট তৈরির বিভিন্ন কৌশল নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করেন।
দিনব্যাপী এ রিট্রিটে গান, গল্প, আড্ডা ও নেটওয়ার্কিংয়ের সুযোগও রাখা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো দৃঢ় করে।
বাংলাদেশ কমিউনিকেশন প্রফেশনালস সোসাইটির চেয়ারম্যান টনি মাইকেল গোমেজ জানান, উইন্টার রিট্রিটে কমিউনিকেশন পেশাজীবীরা নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা তুলে ধরেছেন। তার মতে, এ ধরনের আয়োজন পেশাজীবীদের মধ্যে চিন্তা ও অভিজ্ঞতা বিনিময় আরো জোরদার করবে। তিনি আরো জানান, এ খাতের পেশাজীবীদের জ্ঞান, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
—বিজ্ঞপ্তি










