বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে তুরস্ক দূতাবাসের নিরাপত্তা পরামর্শক কর্নেল বোরাত তাসদেলেনও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং তুরস্কের জেন্ডারমারি বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময় ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ টিআইকা কার্যক্রমের আওতায় নতুন সম্ভাবনার দিকগুলো নিয়ে মতবিনিময় করেন।

তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রমে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষভাবে বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও ‘সঞ্জীবন প্রকল্পের’ মাধ্যমে উদ্যোক্তা তৈরির উদ্যোগকে প্রশংসা করেন।

সাক্ষাতের সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তুরস্কের সঙ্গে সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশিক্ষণ, নিরাপত্তা ও উন্নয়ন খাতে দুই দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরো ফলপ্রসূ হবে।

বাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং তুরস্কের মধ্যে নিরাপত্তা, প্রশিক্ষণ ও উন্নয়নকেন্দ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।