ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও অন্য দুর্যোগ মোকাবেলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে গঠিত স্থায়ী বিশেষজ্ঞ প্যানেলের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। পরে মহাপরিচালক পুরো সেমিনার পরিচালনার দায়িত্ব নেন এবং ফায়ার সার্ভিসের বর্তমান সক্ষমতা ও ভূমিকম্প মোকাবেলায় নেয়া প্রস্তুতি তুলে ধরেন। এ সময় তিনি নগরায়ণ, শিল্পায়ন, উচ্চঝুঁকিপূর্ণ ভবন, রাসায়নিক ব্যবস্থাপনা ও ভূমিকম্পঝুঁকি বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি উন্নয়নের প্রয়োজন ব্যাখ্যা করেন।

উপস্থিত বিশেষজ্ঞরা জানান, এশিয়ার উন্নত দেশের তুলনায় দেশে ফায়ার স্টেশন ও জনবল এখনো অপ্রতুল। ঝুঁকি বিবেচনায় সক্ষমতা আরো বাড়ানো জরুরি। ওয়াসার সব পাম্প স্টেশনে অগ্নিনির্বাপণের অতিরিক্ত সংযোগ স্থাপনের পরামর্শ দেন তারা। সরকারি অফিসকে ভূমিকম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সব ফায়ার স্টেশনকে আগে ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি বা সংস্কারের সুপারিশ করা হয়। শহরের বিভিন্ন সরকারি ভবনের নিচতলা ফায়ার স্টেশন হিসেবে ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে।
সেমিনারে স্বেচ্ছাসেবী কার্যক্রমে জনবল বাড়ানো, নিয়মিত প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্স চালু রাখাসহ সব সেবা সংস্থাকে নিয়ে ভূমিকম্প-পরবর্তী করণীয় বিষয়ে মহড়া করার প্রস্তাব দেয়া হয়। একইসঙ্গে ফায়ার একাডেমি নির্মাণ, গণমাধ্যমকে প্রচার-প্রচারণায় আরো যুক্ত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুর্যোগবিষয়ক সচেতনতা কার্যক্রমকে পরীক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার মতামত উঠে আসে। আবাসিক এলাকা থেকে দ্রুত রাসায়নিক গুদাম সরানোর প্রস্তাব দেয়া হয়।
সেমিনারে বক্তব্য দেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মাকসুদ হেলালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. জিল্লুর রহমান, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ, স্থপতি ইকবাল হাবিব, সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান, একুশে টিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ, বুয়েটের প্রফেসর ড. মেহেদী আনসারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুস সালাম, সাবেক পরিচালক মেজর (অব.) এ কে এম শাকিল নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোছা. ফুয়ারা খাতুন, সাবেক উপপরিচালক দিনমনি শর্মা, সাবেক উপপরিচালক মো. আব্দুল হালিম, স্থপতি ইশতিয়াক জহির এবং অন্যান্য বিশেষজ্ঞরা।

সেমিনারে ফায়ার সার্ভিসের পরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
সভায় জানানো হয়, স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল নিয়মিতভাবে জননিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখবে। মহাপরিচালক বিশেষজ্ঞদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্যানেল তথ্যভিত্তিক ও আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










