জাপান থেকে আসা প্রশিক্ষক, ভাষা শিক্ষক ও দেশটির উপকরণ ব্যবহারের মাধ্যমে ঢাকার সাভারে শুরু হয়েছে হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম। সাভারের টিটিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে হাইটেক করপোরেশন এলএলসি (জাপান) ও হার্টফুল লিমিটেড (বাংলাদেশ)-এর যৌথ আয়োজনে ও ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই)-এর সহযোগিতায় তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

জাপানে উন্নতমানের চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পরিকল্পনার অংশ হিসেবে প্রায় একশ প্রশিক্ষণার্থী নিয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। হাইটেক করপোরেশন এলএলসি (জাপান)-এর ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা এবং ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি ভাষা প্রশিক্ষক ইয়ামাগুচি হিরুমি, স্ক্যাফোল্ডিং প্রশিক্ষক সাকুতা মাসাকি, হাইপারলিঙ্ক স্কিলস বিজনেস কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের পরিচালক লুও গুই ঝেন ও ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর ফারুক বক্তব্য দেন।

তোমোহিরো ইয়োশিদা বলেন, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা বিশাল। জাপানের মান অনুযায়ী প্রশিক্ষণের সুযোগ সীমিত। এ কারণে জাপানে দক্ষ জনশক্তি হিসেবে তাদের কর্মসংস্থানের সুযোগ তেমন তৈরি হয়নি। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি।

হার্টফুল লিমিটেড (বাংলাদেশ)-এর ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বলেন, আমরা বৈধ ও নৈতিক অভিবাসনের পথকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে জাপানে স্থায়ী হওয়া ও পরিবারের সদস্যদের নেয়া পর্যন্ত সব ধরনের সহায়তা আমরা দেব।

তিনি আরো বলেন, জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট মোকাবেলা ও দেশের তরুণদের জন্য আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। জাপান থেকে যে দক্ষ প্রশিক্ষকরা প্রশিক্ষণ কোর্সে এসেছেন তাদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীরা সরাসরি জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন।

বক্তারা বলেন, এ কর্মসূচি জাপানের নির্মাণশিল্পে দক্ষ জনবল সরবরাহের পাশাপাশি দেশের তরুণদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচন করবে।