সরকারের সাবেক সচিব ও সাবেক সিএসপি কর্মকর্তা কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি মারা গেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর।
কাজী গোলাম মুরশেদ লতিফুল বারি ১৯৩৩ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে সরকারের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ‘আইজেনহাওয়ার ফেলো’ হিসেবে পরিচিত ছিলেন। দেশের প্রশাসন, ইতিহাস ও ভূগোলে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি ১৯৭৯ সালে যশোর ও বগুড়া জেলার মানচিত্র সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন।
পরিবার ও ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ব্যক্তিজীবনে তিনি ছিলেন ভ্রমণপ্রিয় ও সৎ চরিত্রের মানুষ। দেশ ও সমাজের প্রতি তার নিষ্ঠা সর্বমহলে শ্রদ্ধার জায়গা করে দিয়েছে। মৃত্যুর পর তিনি শোকাহত পরিবার ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সাবেক সিএসপি কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
—বিজ্ঞপ্তি










