অনলাইন বিক্রেতাসহ ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য তৈরি নতুন অল-ইন-ওয়ান ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘বেচো’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
প্ল্যাটফর্মটি ক্ষুদ্র ব্যবসার দৈনন্দিন কার্যক্রমগুলোকে ডিজিটালভাবে পরিচালনা করতে সহায়তা করবে, যাতে উদ্যোক্তারা ডেটা-নির্ভর পদ্ধতিতে ব্যবসা বাড়াতে পারেন এবং ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে প্লাটফর্মটির উদ্বোধন করা হয়।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড উদ্বোধনী বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে 'ইমপাওয়ারিং সিএমএসএমইস থ্রু ডিজিটাইজেশন অ্যান্ড ডেটা-ড্রিভেন বিজিনেস' শিরোনামে একটি প্যানেল আলোচনা হয়। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তাফা, ইস্টার্ন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওসমান এরশাদ ফায়েজ, ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন।
প্ল্যাটফর্মের উদ্যোক্তারা জানান, ‘বেচো’ একটি একীভূত মোবাইল প্ল্যাটফর্ম, যেখানে একজন বিক্রেতা একই ড্যাশবোর্ড থেকে পণ্য, অর্ডার, পেমেন্ট এবং ডেলিভারি ম্যানেজ করা যাবে। অ্যাপটি ব্যবহারকারীরা মিনিটের মধ্যে পেশাদার মানের একটি অনলাইন ওয়েবস্টোর তৈরি করতে পারবেন।
বিভিন্ন সোশ্যাল চ্যানেল থেকে আসা অর্ডার সিঙ্ক ও ট্র্যাক করা যাবে। একই জায়গা থেকে একাধিক লজিস্টিকস পার্টনার অ্যাসাইন ও মনিটর করা এবং অটোমেটেড বুককিপিং ও ইনভেন্টরি রেকর্ড বজায় রাখতে পারবেন। এছাড়াও বড় প্রতিষ্ঠানের মতোই সিআরএম টুলস ও বিজনেস অ্যানালিটিক্সের সুবিধা নিতে পারবেন।
‘বেচো’ প্ল্যাটফর্ম এসব কার্যক্রমকে ডিজিটাল করে উদ্যোক্তাদের অপারেশনাল খরচ কমিয়ে ধারাবাহিক একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করতে সহায়তা করবে।
কো–ফাউন্ডার শাহরিয়ার খান সাজিদ ‘বেচো’র তিন ধাপের রোডম্যাপ তুলে ধরে বলেন, দৈনন্দিন ব্যবসা পরিচালনা সহজ করে এবং ছোট ব্যবসাগুলোকে একটি কাঠামোবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসেছি আমরা। বিক্রির ট্রেন্ড, ডেলিভারি পারফরম্যান্স, কাস্টমার হিস্ট্রি ইত্যাদি অপারেশনাল ডেটার ভিত্তিতে বিকল্প ক্রেডিট স্কোর তৈরি করা, এই স্কোরের মাধ্যমে পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রচলিত কাগজপত্রের ওপরে নির্ভরতা কমিয়ে এসব উদ্যোক্তাকে ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিতে পারবে। এছাড়াও রিটেইলারদের সরাসরি সরবরাহকারী ও নির্মাতাদের সাথে যুক্ত করে -সোর্সিং, সেলিং, লজিস্টিকস এবং ফাইন্যান্স সবকিছু একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করেছে 'বেচো'।
সমাপনী বক্তব্যে বেচো লিমিটেডের চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান বলেন, বাংলাদেশে বর্তমানে আনুমানিক পাঁচ লক্ষাধিক সক্রিয় এফ–কমার্স ও সোশ্যাল কমার্স পেজ রয়েছে, যাদের অনেকগুলোই নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত।বেশিরভাগ বিক্রেতা এখনো খাতায়–কলমে হিসাব রাখেন, ম্যাসেঞ্জার বা চ্যাটের বিচ্ছিন্ন কথোপকথনের ওপর নির্ভর করেন, ক্যাশ–অন–ডেলিভারি ও বিচ্ছিন্ন লজিস্টিকস ব্যবস্থার মাধ্যমে কাজ পরিচালনা করেন—যার ফলে তাদের কোনো সুসংহত ডেটা বা যাচাইযোগ্য ক্রেডিট হিস্ট্রি তৈরি হয় না।
তিনি আরো বলেন, এ ডেটা গ্যাপ–ই বহু পরিশ্রমী উদ্যোক্তাকে ঋণ পাওয়ার অযোগ্য হিসেবে চিহ্নিত করে রাখে। ‘বেচো’ মূলত এই লুকায়িত অর্থনীতির জন্য একটি অপারেটিং সিস্টেম—যাতে উদ্যোক্তাদের পরিশ্রম, সততা এবং ব্যবসার প্রকৃত পারফরম্যান্স ডেটায় প্রতিফলিত হয়, আর সেই ডেটাই ব্যাংকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে।










