সাভার ক্যান্টনমেন্টের আর্মি আইবিএ অডিটোরিয়ামে বিশেষ আলোচনার মধ্য দিয়ে আর্মি আইবিএ আইটি ক্লাবের উদ্বোধন করা হয়েছে। ‘প্রযুক্তি, উদ্ভাবন ও শিক্ষা: ভবিষ্যতের দিগন্ত’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন ও ভবিষ্যতের দক্ষতা নিয়ে নানা দিক তুলে ধরেন।
বুধবার (২৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুহুল আমিন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা জরুরি। তিনি জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্মি আইবিএর পরিচালক ও আইটি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের সভাপতি ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। তিনি ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক প্রযুক্তি পরিস্থিতির সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানেক্টিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্রিটিশ কাউন্সিল অ্যালামনাই ইউকে প্রোগ্রামের দক্ষিণ এশিয়া দূত কাজী হাসান রবিন। তিনি আন্তর্জাতিক সংযোগ, বাস্তব অভিজ্ঞতা ও শিল্পখাতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিআইটিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাজ্জল হোসেন। তিনি প্রযুক্তির সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এসব দক্ষতার গুরুত্ব আরো বাড়বে।
বক্তারা জানান, শিক্ষার্থীরা যদি তথ্যপ্রযুক্তি দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও ডিজিটাল সক্ষমতা অর্জন করতে পারে, তবে তারা ভবিষ্যতে চাকরি ছাড়াও উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে পারবে। তারা আশা প্রকাশ করে আরো বলেন, আইটি ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা সমাধান, নেতৃত্ব বিকাশ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নবগঠিত আইটি ক্লাবের নেতৃত্ব ঘোষণা করা হয়। উপদেষ্টা থাকছেন সহকারী অধ্যাপক আফজাল হোসাইন। সভাপতি ফাওজিয়া তাসনিম অন্তরা। সহ-সভাপতি তানভীর আহমেদ, ইফতেখার আহমেদ ও নিশাত আহমেদ। সদস্য হিসেবে ঘোষণা করা হয় হাসনাত রাগীব মান্নান ও আবু বকর সিদ্দিকের নাম।










