বাংলা প্রকাশনা জগতে এক চতুর্থাংশ শতাব্দী পূর্ণ করল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’। এ উপলক্ষে শুরু হয়েছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’। বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে কার্নিভালের উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল হাই বলেন, ‘ঐতিহ্য শুধু মুনাফার দিকেই নজর রাখেনি, বরং সামাজিক দায়বদ্ধতার চর্চা করেছে। প্রতিষ্ঠানটি দুই বাংলায় এককভাবে এত বিপুল পরিমাণ রচনাবলি প্রকাশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। তিনি বলেন, ‘২৫ বছরের পথচলায় হোঁচট খেয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, তবু হাল ছাড়িনি। সহকর্মী, লেখক ও পাঠকের আন্তরিকতা ও ভালোবাসাতেই আজ ঐতিহ্য দুই বাংলায় সমাদৃত।’

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেইন ও শিক্ষাবিদ মোহীত উল আলম। আনোয়ার হোসেইন তার সঙ্গে ঐতিহ্যের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। আর মোহীত উল আলম বলেন, ‘ঐতিহ্য বাংলাদেশের প্রকাশনাশিল্পে একটি অনন্য মাইলফলক স্থাপন করেছে।’

কার্নিভালে ঐতিহ্যের প্যাভিলিয়নে ২৫টি নতুন বইসহ মোট ২ হাজার ৫০০ বই ও ২৫টি রচনাবলি প্রদর্শিত হচ্ছে। সর্বোচ্চ ৭১ শতাংশ ছাড়ে বই বিক্রির পাশাপাশি রয়েছে রচনাবলির আলাদা খণ্ড নামমাত্র মূল্যে কেনার সুযোগ। এছাড়া অংশ নিয়েছে আরো কয়েকটি প্রকাশনা—‘ইলহাম’, ‘কাকাতুয়া’, ‘গ্রিপার্মার্ক’ ও ‘নু বুকস’।

বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’-এর স্টলে পাওয়া যাবে নানা প্রকাশনীর বইয়ে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

বই বিক্রির পাশাপাশি কার্নিভালে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘রাইটার্স ডে’, ফোক মেহফিলসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ উৎসব।- বিজ্ঞপ্তি