দিনাজপুরে প্রতিবন্ধীদের জন্য দিনব্যাপী ভোটার প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)। আজ বৃহস্পতিবার পর্যটন মোটেলে 'রাইজিং উইথ রাইটস: ভোটার এডুকেশন ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ (ভিইপিডি)' প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফএস)-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাসকেড প্রশিক্ষণে মোট ২০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।
গত অক্টোবরে শুরু হওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা। প্রকল্পটি ঢাকা, ফরিদপুর ও দিনাজপুর জেলায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে প্রায় ৬ হাজার প্রতিবন্ধীকে বিভিন্নভাবে ভোটার হিসেবে করণীয় সম্পর্কে নানাভাবে সচেতন করা হবে।
আজকের প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বি-স্ক্যান’র পরিচালক ইফতেখার মাহমুদ এবং অ্যাডভোকেসি এবং রিসার্চ অফিসার উপমা সাহা। এছাড়া স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ওপিডি) সমাপ্তি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) এ উদ্যোগে সহযোগিতা করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোট প্রদান প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থায় প্রবেশগম্যতা, নেতৃত্ব ও জনওকালতির বিষয়ে দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেয়া হয়। আইএফইএস-এর প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
বি-স্ক্যান ও আইএফএস বিশ্বাস করে, এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সংবিধান প্রদত্ত ভোটাধিকার স্বাধীনভাবে, আত্মবিশ্বাস এবং মর্যাদার সঙ্গে প্রয়োগে সক্ষম হবেন।
-বিজ্ঞপ্তি










