জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ বাড়াতে ঢাকায় একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করেছে কেয়ার বাংলাদেশ। ‘জলবায়ু অভিযোজন ও প্রভাবভিত্তিক বিনিয়োগ’ শীর্ষক এ আয়োজনে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত, এনজিও ও আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম এবং কমিউনিটি পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে কেয়ার বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরা হয়। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায়, কিভাবে দেশের উন্নয়নখাতকে বিদেশী অনুদাননির্ভরতা থেকে বের করে লাভজনক, স্বনির্ভর ও বাণিজ্যিকভাবে কার্যকর মডেলের দিকে এগিয়ে নেয়া যায়। এসব মডেলের মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সুফল নিশ্চিত করার বিষয়টি সামনে আনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। তিনি বলেন, জলবায়ু মোকাবেলায় ডেনমার্ক তার জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের পাশে রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উদ্ভাবন ও সহনশীলতার অভিজ্ঞতা থেকেও শেখার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী পর্বের পর কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস জানান, দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বাড়ানো হচ্ছে। এককালীন অনুদাননির্ভরতা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদে উন্নয়ন সহায়ক টেকসই অর্থায়ন মডেল গড়ে তোলার জন্য সংস্থাটি কাজ করছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। এতে তৃণমূল পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবে কিভাবে পরিচালিত হচ্ছে তা তার অভিজ্ঞতা উঠে আসে। পরে প্রভাবভিত্তিক বিনিয়োগ, সহায়ক নীতিমালা ও বিভিন্ন খাতের অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে কেয়ার বাংলাদেশের হিউম্যানিটারিয়ান অ্যান্ড রেজিলিয়েন্ট ফিউচার্স প্রোগ্রামের পরিচালক কায়সার রিজভী অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে জলবায়ু-সহনশীল ও প্রভাবভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সব অংশীদারের সঙ্গে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন।
—বিজ্ঞপ্তি










