স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনের সময় দুই মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে তার ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এ আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, দুই মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অধিদপ্তরের প্রধান ও সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এটি আজ বিদায় অনুষ্ঠান নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান। তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে দিকনির্দেশনা ও তত্ত্বাবধান দিয়েছেন, তা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি ও স্বচ্ছতা এনেছে। তিনি আরো বলেন, উপদেষ্টার নেতৃত্ব ও বিচক্ষণতায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, প্রকল্পের গতিশীলতা ও স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই একজন উপদেষ্টা নন, তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। এ সময় তিনি উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে ভবিষ্যতে তাকে আরো বড় পদে দেখার আশা প্রকাশ করেন। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনাও করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা ও সহযোগিতা তার কাজকে সহজ করেছে। তিনি প্রত্যাশা করেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা একসঙ্গে শুরু হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি সব কর্মকর্তার প্রতি আহ্বান জানান যে, তাদের একটি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য নির্ধারণ করে। তাই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এরপর তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন।