ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিবস ২০২৫ (আইটেক) পালন করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে সহযোগিতায় সোমবার (১ ডিসেম্বর) একটি সংবর্ধনা-সহ-সমাবেশে বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন আইটেক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা আইটিইসিকে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্রতি ভারতের অঙ্গীকার হিসেবে তুলে ধরেন, যা অংশীদার দেশগুলোর চাহিদা এবং অগ্রাধিকারের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি প্রদান করে।
বাংলাদেশের ৫ হাজারের বেশি পেশাদার বছরের পর বছর ধরে আইটিইসি কর্মসূচিতে অংশ নিয়েছেন উল্লেখ করে হাই কমিশনার বাংলাদেশে আইটিইসি প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করার জন্য ধন্যবাদ জানান।
হাইকমিশনার আইটেক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএএবি)-এর আইটেক প্রাক্তন শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে একত্রিত করার প্রচেষ্টার জন্য তাদের অবদানের প্রশংসা করেন।অনুষ্ঠানে অনেক আইটেক প্রাক্তন শিক্ষার্থী ভারতে তাদের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো), এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষসহ (বিএলপিএ) কিছু অংশীদার সংস্থার বিশিষ্ট ব্যক্তিরাও এতে যোগ দেন। এই উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সংযোগ প্রদর্শন করে একটি সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন বাংলাদেশের শিল্পীরা।










