বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ হাজার ৯১১টি গুরুতর সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৭১ শতাংশ বেশি। খবর তুর্কি টুডে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার পরিসর ও গতি আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। ভবিষ্যতে এআইনির্ভর বিভিন্ন প্রোগ্রাম নিজেরাই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আশঙ্কা করছেন তারা। এতে প্রতিষ্ঠানের তথ্য ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি আরো বাড়বে।
ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লুসিটের সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বে প্রতি মাসে গড়ে ৮১৯টি গুরুতর সাইবার হামলার ঘটনা ঘটেছে। আগের ছয় মাসের তুলনায় এ সংখ্যা ১০৫ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসের হামলার সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের মোট ঘটনার ৯৩ শতাংশের সমান।
বিশ্বের বড় দুটি ক্রিপ্টো প্লাটফর্মে সম্প্রতি হ্যাকিংয়ের ঘটনা ফের সাইবার হামলা নিয়ে আলোচানা তৈরি করেছে। এর মধ্যে ক্রিপ্টো প্লাটফর্ম বাইন্যান্সে হামলায় গ্রাহকদের প্রায় ৬৩০ কোটি ডলারের সম্পদ চুরির খবরটি বেশ উদ্বেগ তৈরি করেছে প্রযুক্তি জগতে। পাশাপাশি একই দিন তৃতীয় পক্ষের একটি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা হয় বলে উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে।
বিশ্লেষকরা বলছেন, সাইবার হামলায় এখন নতুন আতঙ্ক ‘এআই’। প্রতিবেদনে ‘এজেন্টিক হ্যাকিং’ নামে এক প্রবণতার কথাও তুলে ধরেছেন গবেষকরা। এ পদ্ধতিতে এআই প্রোগ্রামগুলো মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই হামলা চালিয়ে যেতে পারে।










