চুয়াডাঙ্গায় জেলার রাজনৈতিক, সামাজিক ও
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। গতকাল
বুধবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত
হন তিনি।
এর আগে বিকাল চারটার দিকে সার্কিট হাউজে
এসে পৌঁছান মনোজ কুমার।
সভায় উপস্থিত ব্যক্তিরা ভারতীয় সহকারী
হাইকমিশনারের উদ্দেশ্যে বলেন, ভিসায় প্রবেশের জন্য আরো কয়েকটি চেকপোস্টের নাম একসঙ্গে
যুক্ত করা বা অনুমতি পাওয়া গেলে ভারতগামী যাত্রীদের সুবিধা হতো। চুয়াডাঙ্গার দর্শনা
ও ভারতের গেদে ইমিগ্রেশন পর্যন্ত যাত্রীদের পৌঁছুতে আধা কিলোমিটার হেঁটে যেতে হয়। বৃষ্টি
ও গরমের সময় যা অত্যন্ত কষ্টদায়ক। এই সমস্যা সমাধানে চেকপোস্ট কিছুটা এগিয়ে আনা যায়
কি না দেখা জরুরি। কৃষি নির্ভর জেলাটিতে বড় বিনিয়োগের প্রসঙ্গও টানেন তারা।
জবাবে মনোজ কুমার বলেন, আপনাদের সঙ্গে
কথা বলে ভালো লাগল। অনেক দারুণ দারুণ পরামর্শ পেয়েছি। ভারত সরকারকে আপনাদের মতামতগুলো
জানাব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ
চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম
জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের
সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক সরদার আল-আমিন, প্রেসক্লাবের সহ-সভাপতি
কামাল উদ্দীন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের
সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক
সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি রিফাত
রহমান, চ্যানেল ২৪ ও দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম লিটন, দৈনিক
আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব্বীন
সানভী, ব্যবসায়ী উত্তম কর্মকার প্রমুখ।










