গ্রীষ্মের দাপুটে সূর্য নির্মল আকাশ থেকে

অবিরাম ঢালছে ঝাঁঝালো রোদ,

অসহ্য গরমে তাতানো শরীর নিয়ে

পড়ন্ত বিকালে যাই ব্রহ্মপুত্রের কিনারে,

বসি গাছের ছায়ায়;

আর অমনি উঠতি যৌবনে প্রথম প্রিয়ার পরশ নিয়ে

যেন ছুটে আসে নিলুয়া বাতাস

খরাদগ্ধ দেহ মুহূর্তে জুড়িয়ে যায়

অপার আনন্দে ভরে ওঠে মন।

ব্রহ্মপুত্রের বাড়ন্ত বুকে

নৃত্যমগ্ন ঢেউ তরুণীদের উল্লাস দেখে

আমিও একাত্ম হয়ে যাই।

প্রকৃতির এই আনন্দ-আবহ ছেড়ে

আর কোথাও কি যেতে ইচ্ছে করে!