জেরুজালেমে— মানে প্রাচীন দেয়ালের পরিসীমার ভেতরে

আমাকে পরিচালনা করার জন্য কোনো স্মৃতি ছাড়াই

আমি একযুগ থেকে অন্য যুগে হেঁটে যাই।

পয়গম্বরগণ সেখানে পবিত্র শহরের ইতিহাস

ভাগাভাগি করে নেন— যখন স্বর্গে আরোহণ করেন

আগের চেয়ে কম নিরুৎসাহিত এবং বিষণ্ন

কারণ ভালোবাসা আর শান্তি পবিত্র এবং তা শহরের

দিকে আসছে

আমি ঢাল বেয়ে নামতে নামতে ভাবছিলাম

পাথর সম্পর্কে আলো যা বলেছে বর্ণনাকারী কেমন করে

তা অস্বীকার করে

মৃদু জ্বলা পাথর থেকে কি যুদ্ধ ছড়িয়েছে?

আমি আমার ঘুমের মধ্যে হাঁটি, আমি ঘুমের মধ্যে

তাকিয়ে থাকি। আমি দেখি আমার পেছনে কেউ নেই

আমি দেখি আমার সামনে কেউ নেই।

এই সমস্ত আলো আমার জন্য আমি হাঁটি। আমি

হালকা হয়ে আসি, তারপর আমি উড়তে থাকি

আমি ভিন্ন মানুষ হয়ে যাই, ঘাস যেমন মাটি ভেদ

করে বেরিয়ে আসে ইসার মুখ থেকে বেরোয় শব্দ

‘তুমি যদি আমাকে বিশ্বাস না করো বিশ্বাস নাও করতে

পারো— যেন আমি অন্য কোনো মানুষ হয়ে হাঁটি,

আমার ক্ষত বাইবেল কাহিনীর সাদা গোলাপ। আর

আমার দুটি হাত একজোড়া ঘুঘু পাখির মতো

ক্রসের ওপর ভেসে আছে আর বহন করছে পৃথিবী

আমি আর হাঁটি না, আমি উড়ে যাই, আমি বদলে যাই

অন্য মানুষ— কোনো স্থান নেই, কোনো সময় নেই—

তাহলে আমি কে?

আমি কেউ নই যিশুর স্বর্গারোহণকালে— আমি নিজেকে শোনাই: একাকী পয়গম্বর মোহাম্মদ ধ্রুপদ আরবিতে বলে যান ‘তারপর কী?’

তারপর— কী এক নারী সৈনিক চিত্কার করে ‘আবারো কি তুমি? আমি কি তোমাকে হত্যা করিনি?’ আমি বলি, তুমি হত্যা করেছ কিন্তু তোমার মতো আমি মরতে ভুলে গেছি।

 

অনুবাদ: আন্দালিব রাশদী