তেরো জানুয়ারি কুয়াশায় ঢাকা দেশ

আমাদের ফেরি আরিচা নগরবাড়ী

সারা পথ শুধু কুয়াশার শাদা বেশ

আমাদের বাস রংপুর উদ্দেশে

 

সারা পথ শাদা সারা পথ শাদা শুধু

কুয়াশা কুয়াশা কুয়াশায় পথ ধুধু

আমাদের বাস রংপুর খুঁজে পেল

সবাই তাকায়, মেজ ছেল ওই এল।

 

কাঁঠালগাছের নিচ দিয়ে বাড়ি ফেরা

আব্বা কোথায়? ওই ঘরে মেঝে পরে

লোবানের ধোঁয়া আতরের ঘ্রাণ মাখে

শাদা কুয়াশারা আব্বাকে ঢেকে রাখে

শাদা কুয়াশারা আব্বাকে ঢেকে রাখে

শাদা কুয়াশারা রংপুর ঢেকে রাখে

শাদা কুয়াশারা পৃথিবীকে ছেয়ে রাখে

 

তেরো জানুয়ারি ফি’বছর আসবেই

বাবা সন্তানে খুব ভালোবাসবেই

আমার আব্বা মাটির মানুষ ছিলেন

আমার আব্বা মাটিতে ঘুমুচ্ছিলেন

আমার আব্বা মেঝেতে ঘুমুচ্ছিলেন

পাঁচ ছেলেমেয়ের কুশল শুধাচ্ছিলেন

 

বিশাল পৃথিবী আমি ভাবি আমি একা

তবু জানি আমি কুশলের পাব দেখা

আকাশের নীল আকাশের শাদা গায়

আব্বার দোয়া ঝরে পড়ে নীলিমায়

 

তেরো জানুয়ারি আব্বাকে মনে পড়ে

আকাশে আলোয় আব্বার দোয়া ঝরে...