জীবন বাঁধা;

নাড়ির কাছে দাঁড়ের কাছে

পার হতে হয় পথের নদী

অজানাতেই অতিক্রান্ত কয়েক ক্রোশ

থামলে শুরু গদ্য-পদ্য-কান্না-হাসি;

জোয়ার-ভাটার গতি-নীতি পরিণতি

একটু হোঁচট, কপাল মাপে রাশিফলে।

জীবন বাঁধা ;

গোলকধাঁধায়

মরীচিকা, চিকার আওয়াজ

রক্তশূন্য পাণ্ডুলিপি, রক্ত ভাসে পদ্মা জলে

ছেঁড়া নাড়ি আঁধার রুমে ভস্মীকৃত ছাইয়ের ঢিবি

খবর বেরোয় গল্প-চিত্রে চিত্রকল্প পরাভূত

আশা নড়ে কচুপাতার জমা জলে অস্থিরতায়!

জীবন বাঁধা ;

প্রীতির কাছে, জন্মজালে

সবই নয়তো চড়ুইভাতি!

স্বপ্নগতি কাঁপুনিতে ছিন্নভিন্ন লুপ্ত বয়ান

হবেই যদি

কোথায় যাবো নির্ভরতায় ঝড়ের রাতে-সুনামীতে

বটবৃক্ষের ছায়া কোথায় রক্তধারায়?

হাত-পা বাঁধা; নীরবতা

গোঙানিতে ফেনা বাড়ে সাগরজলে...

জীবন বাঁধা;

ঘরের উঠোন, জন্মভিটায়

তুলসীতলায় জোনাক আলোয়

একটু জিরাই, মুক্তবাতাস

যুক্ত করি জীবনধারায়!