উজবেকস্তানের সমরকন্দ শহরে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে রোববার পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ডেনমার্কের সঙ্গে ড্র করার পর গতকাল সোমবার ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৪-০ গেম পয়েন্টে সিরিয়াকে হারিয়েছে।

সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে সিরিয়ার ফিদে মাস্টার চেখ আদম খেদর আরাম, ফিদে মাস্টার ফান্ডি মাজেন, বরক রোদি ও আন্তর্জাতিক মাস্টার আলজাইম তালালকে হারান।

অপরদিকে, বাংলাদেশের মহিলা দল ষষ্ঠ রাউন্ডের খেলায় শক্তিশালী ক্রোয়েশিয়ার মহিলা দলের কাছে ১-৩ গেম পয়েন্টে হেরে গেছে। মহিলা দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে ক্রোয়েশিয়ার মহিলা ফিদে মাস্টার ইভেকোভিচ তিহানা ও মহিলা আন্তর্জাতিক মাস্টার সারিচ ক্রিস্টিনার সঙ্গে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সভিতান এনা ও মহিলা ফিদে মাস্টার জাগোরাচ লারার কাছে হেরে যান।

ওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ খেলায় ৮ পয়েন্ট ও মহিলা বিভাগে বাংলাদেশ দল ৬ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছে।

আজ (মঙ্গলবার) খেলার বিরতি-দিন। আগামীকাল (বুধবার) সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ পুরুষ দল জর্জিয়ার সঙ্গে ও মহিলা বিভাগে বাংলাদেশ দল হংকং মহিলা দলের সঙ্গে খেলবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় উজবেকস্তানের সমরকন্দে চলমান ফিদে ৪৬তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা দিয়েছে।

২০৫ জাতির এই দাবা আসর শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।