ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচেই ৩৫ গোল করে ইতিহাস গড়লেন ম্যানচেস্টার
সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড। তিনি ভেঙে দিয়েছেন অ্যান্ডি কোল ও অ্যালান
শিয়েরারের ৩৪ গোলের রেকর্ড।
বুধবার রাতে ওয়েস্ট হ্যামকে ৩-০
গোলে হারিয়েছে ম্যানসিটি। এ ম্যাচে গোল করেন নাথান একে, হালান্ড ও ফিল ফডেন। ৭০
মিনিটে লুকাজ ফ্যাবিয়ানস্কির মাথার ওপর দিয়ে এক আলতো টোকায় গোল করে ইতিহাস গড়েন
হালান্ড। কোল ও শিয়েরার ৩৪ গোল করেছিলেন ৪২ ম্যাচের মৌসুমে। আর হালান্ড তা করলেন
৩৮ ম্যাচের মৌসুমে এবং এখনো পাঁচ ম্যাচ বাকি রয়েছে। কাজেই রেকর্ডটা তিনি কোথায় নিয়ে
রাখেন, সেটিই এখন দেখার অপেক্ষা।
বুধবারের জয়ে টেবিলের শীর্ষে উঠে
গেছে ম্যানসিটি। ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট
নিয়ে দুইয়ে আর্সেনাল। এরপর নিউক্যাসল (৬৫), ম্যানইউ (৬৩) ও লিভারপুল (৫৯)।
ম্যানসিটির জয় ছাপিয়ে এদিন আলোচনায় হালান্ড। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে নাম লিখিয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে গোলের রেকর্ড গড়লেন তিনি। এখন আরেকটি রেকর্ড ভাঙার হাতছানি তার সামনে। সব ধরণের প্রতিযোগিতায় ইংলিশ কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৬৩ গোলের রেকর্ডটা ডিক্সি ডিনের করা। সেই রেকর্ড ভাঙতে আর ১২ গোল চাই হালান্ডের। মৌসুমে এখনো নয় ম্যাচ বাকি আছে তার সামনে। সেই রেকর্ডটা ভাঙা কিংবা ছোয়াঁ তার পক্ষে অসম্ভব নয়।
ম্যাচ শেষে রেকর্ডবয় হালান্ডকে ‘গার্ড অব অনার’ দিয়েছে তার সতীর্থরা। কোচ পেপ গার্দিওলাই শিষ্যদের দিয়ে এটি করিয়েছেন। তিনি বলেন, ‘যখন কোনো বিশেষ কিছু ঘটে, তখন আমাদের দেখিয়ে দিতে হয় কেন সেটি বিশেষ। সে সব সময় আমাদের আনন্দের উপলক্ষ্য এনে দেয়। তাকে নিয়ে সবাই খুশি। আজ কিংবা কাল এই রেকর্ডটি ভাঙা হবে। হয়তো হালান্ডই আবারো ভাঙবে, কারণ সে অনেক গোল করে। কিন্তু অ্যান্ডি কোল ও অ্যালান শিয়েরার অবিশ্বাস্য স্ট্রাইকার, কাজেই হালান্ড তাদের রেকর্ড ভাঙায় বিশেষ কৃতিত্বের দাবিদার।’
গার্ড অব অনার নিয়ে মজা করে হালান্ড
জানালেন, এটি খুবই ‘পীড়াদায়ক’। তার কথায়, ‘প্রত্যেকেই আমাকে পিঠে আঘাত করছিল।’










