ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে অন্যতম শীর্ষ পারফরমার বিরাট কোহলি সবচেয়ে বেশি রানের রেকর্ডটা আগেই গড়েছেন। এবার সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন। বৃহস্পতিবার রাতে রেকর্ড ছোঁয়া ষষ্ঠ সেঞ্চুরি করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতান কোহলি। এই জয়ে নকআউট পর্বে যাওয়ার রেসে টিকে থাকল বেঙ্গালুরু।
৬৩ বলে ১০০ রানে শেষ হয় কোহলির ইনিংস। এর মধ্য দিয়ে ক্যারিবিয়ান গ্রেট ক্রিস গেইলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। আইপিএলে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি করে রেকর্ডের মালিক ছিলেন গেইল, যিনি দীর্ঘ সময় বেঙ্গালুরুতে খেলেছেন। এবার গেইলের রেকর্ড ছুঁয়ে ফেললেন বেঙ্গালুরুতে তার সাবেক সতীর্থ কোহলি।
সানরাইজার্সের ৫ উইকেটে করা ১৮৬ রানের জবাব দিতে নেমে চার বল হাতে রেখে আট উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। কোহলি মাত্র ৬২ বলে সেঞ্চুরি করেছেন। এ পথে অধিনায়ক ফাফ ডু প্লেসিকে নিয়ে প্রথম উইকেট জুটিতে ১৭২ রান যোগ করেন কোহলি। এ ম্যাচে আরেকটি রেকর্ড হয়েছে। আইপিএলের ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই সেঞ্চুরি হলো। কোহলির আগে সেঞ্চুরি করেন সানরাইজার্সের হেনরিখ ক্লাসেন। তবে কোহলির সেঞ্চুরির সামনে বিফলে যায় ক্লাসেনের সেঞ্চুরি। প্রোটিয়া ব্যাটার ৫১ বলে ১০৪ রান করে দলকে বিশাল সংগ্রহ এনে দেন। যদিও এই রান দিয়ে বেঙ্গালুরুকে আটকাতে পারেনি আগেই বিদায় নেয়া সানরাইজার্স।
আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু (১৩ ম্যাচে ১৪ পয়েন্ট)। গুজরাট সবার আগে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। বেঙ্গালুরুকে প্লে-অফে খেলতে হলে আজ জিততেই হবে।
আইপিএলে ১৪২ ম্যাচ খেলে ৪ হাজার ৯৬৫ রান করেছেন গেইল। সেঞ্চুরি ছয়টি ও হাফ সেঞ্চুরি ৩১টি। কোহলি আইপিএলে ২৩৬টি ম্যাচ খেলে ছয়টি সেঞ্চুরি ও ৫০টি হাফ সেঞ্চুরির সাহায্যে করেন ৭ হাজার ১৬২ রান। সর্বোচ্চ ১১৩ রানের ইনিংস খেলেছেন। এখন আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক কোহলি। আর সেঞ্চুরিতে আছেন যুগ্মভাবে শীর্ষে। হয়তো শিগগিরই এই রেকর্ডটাও নিজের করে নেবেন ‘কিং কোহলি’।
আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। এছাড়া চারটি করে সেঞ্চুরি রয়েছে শেন ওয়াটসন, লোকেশ রাহুল, ডেভিড ওয়ার্নারের। তিনটি করে সেঞ্চুরি আছে দুজনের—এবি ডি ভিলিয়ার্স ও সাঞ্জু স্যামসনের। আর দুটি করে সেঞ্চুরি করেছেন হাশিম আমলা, কুইন্টন ডি কক, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, ব্রেন্ডন ম্যাককালাম, বিরেন্দর শেবাগ, অ্যাডাম গিলক্রিস্ট, মুরালি বিজয় ও বেন স্টোকস।
আইপিএলে রানে দুইয়ে অবস্থান করছেন শিখর ধাওয়ান। তিনি করেছেন ৬ হাজার ৬০০ রান। এর পরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার (৬৩১১), রোহিত শর্মা (৬১৩৬), সুরেশ রায়না (৫৫২৮), এবি ডি ভিলিয়ার্স (৫১৬২) ও মহেন্দ্র সিং ধোনি (৫০৭৬)।










