চ্যাম্পিয়নস লিগে গতরাতটি ছিল সমীকরণের গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার রাত। যেখানে দাপুটে ফুটবল খেলে বার্সেলোনা সেরা আটে জায়গা করে নিয়েছে, সেখানে হোসে মরিনহোর বেনফিকার কাছে হেরে শীর্ষ আটের বাইরে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তাদের সঙ্গে একই ভাগ্যের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। নিউক্যাসলের সঙ্গে ড্র করে রিয়াল মাদ্রিদের মতোই প্লে-অফে নির্বাসিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ক্যাম্প ন্যুতে কোপেনহেগেনের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেয়েছিল বার্সেলোনা। মাত্র ৪ মিনিটে ১৭ বছর বয়সী দাদাসনের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধে বার্সা রুদ্রমূর্তি ধারণ করে। ৪৮ মিনিটে লামিন ইয়ামালের জাদুকরী পাস থেকে সমতা ফেরান রবার্ট লেভানদোভস্কি। ৬০ মিনিটে ইয়ামাল নিজেই স্কোরবোর্ডে নাম লেখান। এরপর পেনাল্টি থেকে রাফিনিয়া এবং শেষ দিকে দুর্দান্ত এক ফ্রিকিকে গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন মার্কাস র্যাশফোর্ড। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ৫ম স্থানে থেকে সরাসরি শেষ ১৬-তে নাম লিখিয়েছে ফ্লিকের দল।
নিউক্যাসলের সঙ্গে ১-১ ড্র করে ১১তম স্থানে থেকে লিগ শেষ করেছে পিএসজি। অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েও সেরা আটে ফিরতে পারেনি ইন্টার মিলান। ফেদেরিকো দিমার্কোর দুর্দান্ত ফ্রিকিক ইতালিয়ান জায়ান্টদের জয় দিলেও পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে তাদেরও খেলতে হবে প্লে-অফ।
আরো পড়ুন: গোলরক্ষকের হেডে মাদ্রিদকে প্লে-অফে পাঠালো মরিনহোর বেনফিকা
এদিকে, অ্যাথলেতিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয়ভাবে সরাসরি শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে স্পোর্টিং লিসবন। হ্যারি কেনের শেষ মুহূর্তের গোলে পিএসভি আইন্দহোভেনকে ২-১ ব্যবধানে হারিয়ে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট।
একনজরে শীর্ষ ৮ (সরাসরি শেষ ষোলোয় যারা):
১. আর্সেনাল (২৪ পয়েন্ট) ২. বায়ার্ন মিউনিখ (২১ পয়েন্ট) ৩. লিভারপুল (১৮ পয়েন্ট) ৪. টটেনহ্যাম (১৭ পয়েন্ট) ৫. বার্সেলোনা (১৬ পয়েন্ট) ৬. চেলসি (১৬ পয়েন্ট) ৭. স্পোর্টিং সিপি (১৬ পয়েন্ট) ৮. ম্যানচেস্টার সিটি (১৬ পয়েন্ট)।









