বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার জমজমাট ‘এলিমিনেট’ ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট টাইটানসকে জিতিয়েছেন ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। এ ম্যাচ জিতে দ্বিতীয় ‘কোয়ালিফায়ার’ ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করল সিলেট। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় ‘কোয়ালিফায়ার’ ম্যাচ। ওই ম্যাচে সিলেটের প্রতিপক্ষ কারা হবে, তা নির্ধারণ হবে আজ রাতের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে, যেটিতে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নামা রংপুর ৯ উইকেটে ১১১ রান তুলতে সমর্থ হয়। খালেদ আহমেদ ১৪ রানে ৪ উইকেট নিয়ে বড় ক্ষতিটা করেন রংপুরের। ছোট টার্গেট তাড়া করতে নেমে হারের মুখে পড়েছিল সিলেট। শেষ ওভারে তাদের প্রয়োজন পড়ে ৯ রান এবং ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিংয়ে রংপুরই ছিল জয়ের পথে। শেষ বলে সিলেটের প্রয়োজন পড়ে ৬ রান। যদিও স্নায়ুক্ষয়ী এ মুহূর্তে ওকস ছক্কা হাঁকিয়ে দেন ফাহিমের বলে। সাথে সাথে উল্লাসে ফেটে পড়ে সিলেট শিবির। তাদের জন্য এটা ছিল অভাবনীয় এক জয়।
রোমাঞ্চকর এ লড়াইয়ে কোনো দলের কেউই ফিফটি পাননি। রংপুরের মাহমুদউল্লাহ ২৬ বলে ৩৩, খুশদিল শাহ ১৯ বলে ৩০ রান করেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়, লিটন দাস, ডেভিড মালান কিংবা কাইল মায়ার্সের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। এরপর মুস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম, ফাহিম আশরাফের দারুণ বোলিং রংপুরের আশা জাগায়। যদিও ওকসের এক হল্কায় রংপুরের মুখ থেকে যেন গ্রাস কেড়ে নিল সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১১১/৯
সিলেট টাইটানস: ২০ ওভারে ১১২/৭।
ফল: সিলেট ৩ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: খালেদ আহমেদ (সিলেট)।









