নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। আজ হারলেও দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছে বাংলাদেশ দল। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছেন শ্রাবণীরা। নেপাল জিতেছে ২৯-২২ পয়েন্টের ব্যবধানে। এর ফলে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নেপাল।

নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে আগের দিনের ছন্দ এ ম্যাচেও ধরে রাখে নেপালের খেলোয়াড়রা। শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তারা। বাংলাদেশ দল চেষ্টা করেছে ভ্রমণের ক্লান্তি কাটিয়ে এই ম্যাচে ভালো কিছু করার। প্রথম দিনের চেয়ে আজকের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। নেপাল এগিয়ে যেতে থাকলেও পয়েন্টের খুঁজে ছিল বাংলাদেশও। এরপরও ১০ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। নেপালের পয়েন্ট ছিল ১৮, আর বাংলাদেশের ৮। বিরতি থেকে ফিরে দারুণ খেলে বাংলাদেশ দল। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেয় তারা। দ্বিতীয়ার্ধে নেপালের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ১৪ পয়েন্ট পেয়েছেন শ্রাবণী, বৃষ্টিরা। নেপাল পেয়েছে ১১ পয়েন্ট। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকায় হেরে খেলা শেষ করে বাংলাদেশ দল।

কোচ আরদুজ্জামান মুন্সী ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম ম্যাচে বাংলাদেশ ডিফেন্স ও আক্রমণ দুই জায়গাতেই অনেক খারাপ করেছিল। আজকে অবশ্য ডিফেন্স অনেক ভালো করেছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। আমাদের বাকি যে তিন ম্যাচ রয়েছে সেখান থেকে আশা করছি আমরা দুটো ম্যাচ জিততে পারব। আমি বলব, ইনজুরি ও ফিটনেসের কারণে আমরা পিছিয়ে আছি।’

মঙ্গলবার একই ভেন্যুতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ।