ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বড় জয়ে সূচনা করল শ্রীলংকা।
১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা আজ বুলাওয়েতে ১৭৫ রানের বিশাল ব্যবধানে হারায়
সংযুক্ত আরব আমিরাতকে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে
অঘটনের জন্ম দিয়েছে ওমান।
আগে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৫৫ রান তোলে শ্রীলংকা। কুশল
মেন্ডিস ৬৩ বলে ৭৮, সাদিরা সামারাবিক্রমা ৬৪ বলে ৭৩, পাথুম নিশাঙ্কা ৭৬ বলে ৫৭,
দিমুথ করুনারত্নে ৫৪ বলে ৫২ ও চারিথ আসালঙ্কা ২৩ বলে ৪৮ রান করেন। জবাব দিতে নেমে
আরব আমিরাত ৩৯ ওভারে ১৮০ রান করে গুটিয়ে যায়। ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা ২৪
রানে ৬ উইকেট নেন। এর আগে ব্যাট হাতে করেন ১২ বলে ২৩ রান। ম্যাচসেরা হয়েছেন এই
অলরাউন্ডার।
আরেক ম্যাচে জর্জ ডকরেল (৮৯ বলে ৯১*) ও হ্যারি টেক্টরের (৮২
বলে ৫২) ব্যাটে ভর করে ৭ উইকেটে ২৮১ রান তোলে আইরিশরা। কিন্তু ওমানিরা এই টার্গেট
ছুঁয়ে ফেলে ১১ বল হাতে রেখে! কাশ্যপ প্রজাপতি ৭৪ বলে ৭২, অধিনায়ক জিসান মাকসুদ ৬৭
বলে ৫৯, আকিব ইলিয়াস ৪৯ বলে ৫২ ও মোহাম্মাদ নাদিম ৫৩ বলে ৪৬ রান করেন।
আজ ‘এ’ গ্রুপের দুটি ম্যাচ। স্বাগতিক জিম্বাবুয়ে খেলবে
নেদারল্যান্ডসের বিপক্ষে ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে নেপালের। রোববার উদ্বোধনী
দিন প্রথম ম্যাচে জয় তুলে নেয় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।
১০ দলের এই আসর থেকে দুটি দল পাবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে
বিশ্বকাপের টিকিট।










