বিশ্ব ফুটবলের পরাশক্তি ফ্রান্স। ফুটবলে ফরাসিদের আধিপত্য সবার জানা। অন্যদিকে ফ্রান্স যে ক্রিকেট খেলে, তা অনেকেরই অজানা। অথচ দেশটি ১৯৯৮ সাল থেকে আইসিসির সহযোগী সদস্য হিসেবে আছে। এবার সে দেশেরই এক ক্রিকেটার দারুণ এক রেকর্ড গড়ে ফ্রান্স ক্রিকেটকে আরো সামনে নিয়ে আসলেন। আন্তর্জাতিক টি২০তে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাকেওন।
আইসিসির ২০২৪ টি২০ বিশ্বকাপের সাব রিজিওনাল ইউরোপিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এ সেঞ্চুরি করেন তিনি। ৬১ বলে ১০৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন গুস্তাভ। ১৮ বছর ২৮০ দিন বয়সে এ সেঞ্চুরিটি করেছেন ফরাসি ব্যাটার। এর চেয়ে কম বয়সে কোনো ক্রিকেটারের টি২০তে সেঞ্চুরি নেই। এতদিন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন আফগান ক্রিকেটার হযরতউল্লাহ জাজাই। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ৬২ বলে করেছিলেন অপরাজিত ১৬২ রান।
এ সেঞ্চুরিতে গুস্তাভ ম্যাকেওন হয়ে গেছেন ফ্রান্সের ইতিহাসের অংশ। কারণ ফ্রান্সের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি২০ সেঞ্চুরিও এটি। ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৯টি ছয়ের বাউন্ডারি। অবশ্য সেঞ্চুরি করেও ম্যাচটি জিততে পারেনি ফ্রান্স। ১ উইকেটের শ্বাসরূদ্ধকর জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। ফ্রান্স ৫ উইকেটে ১৫৭ রান করেছিল। শেষ বলে ৪ মেরে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।
এর আগে গত রোববার চেকপ্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫৪ বলে ৭৬ রান করেছিলেন গুস্তাভ ম্যাকেওন।








